ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে ভারত। দীর্ঘদিন পর ওয়ানডে ফরম্যাটে খেলতে নামছেন তাদের দুই ব্যাটিং স্তম্ভ—রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করার পাশাপাশি এই সিরিজে একাধিক ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করার সুযোগ রয়েছে এই দুই অভিজ্ঞ তারকা ক্রিকেটারদের সামনে।
১২,০০০ ওয়ানডে রানের দোরগোড়ায় রোহিত
২৮৮টি ওয়ানডে ম্যাচের ২৮০টি ইনিংসে ১১,৮৯৫ রান নিয়ে সিরিজ শুরু করছেন রোহিত শর্মা। আর মাত্র ১০৫ রান করতে পারলেই ওয়ানডে ক্রিকেটে ১২,০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি। শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলির পর তৃতীয় ভারতীয় এবং বিশ্বের ১৫তম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়বেন রোহিত।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রোহিতের রেকর্ড বেশ উজ্জ্বল। তাদের বিপক্ষে ৩৭ ওয়ানডেতে ৩টি শতক ও ১২টি ফিফটিসহ ৫৭.৬০ গড়ে ১,৬১৩ রান করেছেন তিনি। এছাড়া ওপেনার হিসেবে ১০,০০০ ওয়ানডে রান সম্পন্ন করতে রোহিতের প্রয়োজন আর মাত্র ১৩৫ রান। এটি করতে পারলে শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসেবে এই কৃতিত্ব অর্জন করবেন তিনি।
১৫,০০০ রানের ইতিহাস গড়ার অপেক্ষায় কোহলি
বিরাট কোহলির লক্ষ্য আরও বড়। ওয়ানডেতে কোহলির বর্তমান রান ১৪,৯৪১। আর মাত্র ৫৯ রান করলেই শচীন টেন্ডুলকারের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ১৫,০০০ রানের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করবেন তিনি। সবচেয়ে দ্রুততম ১৫,০০০ রান সংগ্রাহক হওয়ার রেকর্ডও নিজের নামে করার সুযোগ রয়েছে তার সামনে।
ওয়েস্ট ইন্ডিজ কোহলির অন্যতম প্রিয় প্রতিপক্ষ। দলটির বিরুদ্ধে ৪৩ ওয়ানডেতে ৬৬.৫০ গড়ে ৯টি সেঞ্চুরি ও ১১টি হাফ-সেঞ্চুরিসহ ২,২৬১ রান করেছেন তিনি। এই সিরিজে আর একটি সেঞ্চুরি হাঁকালেন শ্রীলঙ্কার পর দ্বিতীয় দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ১০টি ওয়ানডে শতকের মালিক হবেন কোহলি। এছাড়া ঘরের মাটিতে কোহলির সেঞ্চুরি সংখ্যা ৪১টি; শচীন টেন্ডুলকারের রেকর্ড টপকাতে তার প্রয়োজন আর ২টি সেঞ্চুরি।
অবসর সংক্রান্ত নতুন ঘোষণার পর এই সিরিজটি ভক্তদের জন্য অত্যন্ত বিশেষ হতে চলেছে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপই যে ভারতের হয়ে তার শেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে, তা ইতিমধ্যেই নিশ্চিত করেছেন কোহলি। ফলে প্রতিটা ম্যাচই এখন দুই মহারথীর ক্যারিয়ারের নতুন অধ্যায় হয়ে উঠছে।
মেসির মতো ফ্রি-কিক গোলে ডি মারিয়া জিতলেন আরেকটি ট্রফি