চট্টগ্রাম আদালত এলাকায় নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম

চট্টগ্রামের আদালত এলাকায় এক নারীকে জোরপূর্বক টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার ৫১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন নারীসহ একদল লোক ওই নারীর হাত ধরে টানছেন। এ সময় ওই নারী ‘যাব না, যাব না’ বলে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন। একপর্যায়ে ওই নারীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ওই নারীর দুই বছর আগে বিয়ে হয়। তবে বিয়ের পর স্বামীর সঙ্গে তাঁর বনিবনা না হওয়ায় তিনি আলাদা থাকছেন। বর্তমানে তিনি এক চাচার বাসায় থাকেন। ওই নারী নিখোঁজ হয়েছেন দাবি করে তাঁর পরিবারের পক্ষ থেকে দুই মাস আগে বাকলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। বিষয়টি তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ওই নারী চাচার বাসায় থাকছেন। তাঁকে অনেক বোঝানোর পরও তিনি মা-বাবার সঙ্গে যেতে রাজি হননি।

রোববার ওই নারী আদালতে আসার খবর পেয়ে তাঁর মা-বাবা সেখানে আসেন। একপর্যায়ে তাঁরা ওই নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। পরে তাঁর মা-বাবার সঙ্গে কথা হয়েছে। ওই নারী বর্তমানে তাঁদের হেফাজতে আছেন। বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত