মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলার লৌহজং উপজেলার কনকসার বাজার ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো শংকর রাজবংসী (৪০), অন্তিপ চন্দ্র দাস (২০), দীপ্ত দাস (১৯) ও গোলাম হোসেন (৩৮)। তাদের সবার বাড়ি নারায়নগঞ্জের বন্দর থানাধীন বাজুরবাগ গ্রামে।
এদিন দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-১০ এর মিডিয়া সেলের সহকারী পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ১০ টার দিকে লৌহজং উপজেলার কনকসার বাজার ব্রীজ এলাকায় রাস্তার ওপর অস্থায়ী চেকপোস্ট বসান এসআরবি সদস্যরা। সেখানে সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালানো হয়। এসময় একটি পিকআপ তল্লাশি করে গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন।