গৃহবধূ হত্যার দায়ে পিরোজপুরে ৩ জনের যাবজ্জীবন

২০১৮ সালের হত্যাকাণ্ডের দীর্ঘ বিচার শেষে আজ সোমবার রায় ঘোষণা করা হয়।

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় মাকসুদা বেগম নামে এক গৃহবধূকে হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
 
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন মঠবাড়িয়া উপজেলার সাফা গ্রামের মৃত আব্দুর রাজ্জাক সিকদারের ছেলে রাজু সিকদার, বরিশালের বানারীপাড়া উপজেলার মলুহার গ্রামের কাঞ্চন ঘরামীর ছেলে মো. ইমরান এবং তার বোন জ্যোৎস্না।
 
মামলার বিবরণে জানা যায়, জ্যোৎস্না নেছারাবাদ উপজেলার রাহুতকাঠী গ্রামের মো. বেল্লাল আকনের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। রাজু সিকদার নিজেকে জ্যোৎস্নার স্বামী পরিচয় দিয়ে ওই বাড়িতে যাতায়াত করতেন। ২০১৮ সালের ২৪ নভেম্বর জ্যোৎস্নার সঙ্গে বেল্লালের স্ত্রী মাকসুদা বেগমের কথা-কাটাকাটি ও মনোমালিন্য হয়। এর জের ধরে পরদিন ২৫ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে রাজু সিকদার ও জ্যোৎস্নার ভাই ইমরান ওই বাড়িতে গিয়ে মাকসুদাকে মারধর ও ছুরিকাঘাত করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। পরে তারা পালিয়ে যান।
 
প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় মাকসুদাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
এ ঘটনায় মাকসুদা বেগমের স্বজনরা নেছারাবাদ থানায় তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিনজনকেই যাবজ্জীবন কারাদণ্ড দেন।
 
মামলায় বাদীপক্ষে রাষ্ট্রের হয়ে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আকন।
সর্বশেষ সর্বাধিক পঠিত