শীর্ষ সন্ত্রাসী রায়হানের তিন সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম

চট্টগ্রামের রাউজানে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে শীর্ষ সন্ত্রাসী রায়হানের তিন সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কদলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মীর বাগিচা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন-মো. শাহাদাত হোসেন সাজ্জাদ (৩০), মো. জাফর (৩৮) ও মো. সাফায়েত হোসেন সিফাত (১৯)।

গ্রেপ্তারকৃতদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ২টি সীসা কার্তুজ, ১টি রামদা ও ১টি ছোরা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, মো. শাহাদাত হোসেন সাজ্জাদ ও মো. জাফর রায়হানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তার নির্দেশনায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিল। তারা রায়হানের নির্দেশে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর নিকট থেকে চাঁদা আদায়, অবৈধভাবে বালু উত্তোলন এবং বালু উত্তোলন থেকে প্রাপ্ত অর্থ সংগ্রহ করে রায়হানের কাছে পৌঁছে দিত বলে প্রাথমিকভাবে জানা যায়। এছাড়া এলাকায় রায়হানের প্রভাব বিস্তার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় তারা সহযোগী হিসেবে কাজ করত বলেও তথ্য পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত মো. সাফায়েত হোসেন সিফাত রায়হানের নিয়ন্ত্রণাধীন একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে তার সহযোগীদের নিয়ে রাউজানে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করত। শীর্ষ সন্ত্রাসী রায়হানের নির্দেশনা ও আশ্রয়-প্রশ্রয়ে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় ভয়ভীতি প্রদর্শন, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতা এবং রায়হানের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করত বলে প্রাথমিকভাবে জানা যায়।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে রায়হানের নেতৃত্ব ও নির্দেশনায় পরিচালিত এসব অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণ এবং অধিকতর তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে রায়হানের সহযোগী হিসেবে কাজ করা অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি গ্রহণপূর্বক সমবেত হওয়া এবং অবৈধ অস্ত্র-শস্ত্র নিজ হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাউজান থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত