নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ আরও একজনের মৃত্যু

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ এএম

নারায়ণগঞ্জ ফতুল্লার মহিলা মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ ছাত্রী দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম জিদনি (১৪)। এনিয়ে ঘটনাটিতে মারা গেল ২ জন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটর আইসিইউতে মারা যায় সে। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ। তিনি জানান, জিদনি নামে ওই মেয়ে শিক্ষার্থীর শরীরের ৮২ শতাংশ দগ্ধ হয়েছিল।

এই ঘটনায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে মারা যায় আরেক শিক্ষার্থী আতিয়া (১১)। বর্তমানে লামিয়া (১৩) ৫৫ শতাংশ দগ্ধ নিয়ে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন। অপরদিকে, তুলনামূলক কম বার্ন নিয়ে ভর্তি হওয়া আছিয়া ও সুমাইয়ার ক্লিনিক্যাল কন্ডিশন বর্তমানে স্থিতিশীল। তাদের ওয়ার্ডে শিফট করা হয়েছে বলে জানান ডা. সুলতান।

এর আগে, গত শনিবার বিকেল নারায়ণগঞ্জের ফতুল্লায় কাশিপুর হাজীপাড়া ‘মাহেলা খাতুন বালিকা মাদ্রাসায়’ ছাদে বৈদ্যুতিক সটসার্কিটে ৫ শিশু শিক্ষার্থী দগ্ধ হয়।

দগ্ধরা জানায়, ওইদিন বিকেলে তারা ৩ তলা মাদ্রাসা ভবনটির ছাদে খেলা করছিল। তখন পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের মধ্যে গোলযোগ হওয়ায় আগুন ধরে যায়। মুহূর্তেই সেই আগুনে ঝলসে যায় ৫ শিক্ষার্থী।

সর্বশেষ সর্বাধিক পঠিত