ভেঙে ফেলা হচ্ছে নারায়ণগঞ্জের লাভলী সিনেমা হল

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৪ এএম

দেশের প্রেক্ষাগৃহ বিলুপ্তির মিছিলে এবার যুক্ত হচ্ছে নারায়ণগঞ্জের কাঁচপুরে অবস্থিত ঐতিহ্যবাহী ‘লাভলী সিনেমা হল’। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কাঁচপুর কাঁচা বাজারের কাছে গড়ে ওঠা পুরনো এই বিনোদন কেন্দ্রটি চিরতরে বন্ধ হতে যাচ্ছে। দীর্ঘদিন অনিয়মিত চলার পর অবশেষে আগামী শুক্রবার এটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক শাহাদাৎ হোসেন লিটন লিখেছেন, ‘ঐতিহ্যবাহী লাভলী সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। একটি অধ্যায়ের সমাপ্তি।’ তবে এই ইতি টানার আড়ালে নতুন সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। প্রেক্ষাগৃহটি ভেঙে ফেলার পর সেই জায়গায় একটি আধুনিক বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই ভবনেই ‘লাভলী’ নামে একটি আধুনিক সিনেপ্লেক্স গড়ে তোলার ভাবনা কাজ করছে বলে ইঙ্গিত দিয়েছেন লিটন।

সোনারগাঁয়ের সোনাপুর এলাকায় অবস্থিত সিনেমা হলটির সুনির্দিষ্ট প্রতিষ্ঠা সাল পাওয়া না গেলেও এটি স্থানীয়ভাবে একটি ইতিহাস-ঘেরা পরিচিত স্থান। আশপাশের অঞ্চলটি আজও ‘লাভলী সিনেমা হল মোড়’ নামে সুপরিচিত।

পুরনো এই সিনেমা হলটি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় সিনেমা অনুরাগী ও দর্শকরা স্মৃতিকাতরের পাশাপাশি মন খারাপও করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত