ঢাকার মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও দখলের ঘটনায় বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইন শাখা থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়েছে।
সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেরদৌসী আহমেদ পদত্যাগ করায় সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নম্বরের সংরক্ষিত মহিলা আসন-২৩ একই তারিখে (১ অক্টোবর ২০২৬ / ১৬ আশ্বিন ১৪৩৩) শূন্য হয়েছে।
এর আগে, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন নিশ্চিত করেন যে, দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এমপি মিষ্টিকে অবিলম্ব পদত্যাগের নির্দেশ দেন।
সংসদ সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে এমপি মিষ্টি স্পিকারের কার্যালয়ে প্রবেশ করেন এবং স্পিকারের সঙ্গে ৫ মিনিটের সংক্ষিপ্ত রুদ্ধদ্বার বৈঠক শেষে বেরিয়ে যান।
সংসদ ভবন ত্যাগ করার সময় টানেলে উপস্থিত সাংবাদিকেরা পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি সরাসরি মন্তব্য না করে এড়িয়ে যান। তবে পরবর্তীতে গাড়িতে ওঠার সময় তিনি বলেন, ‘আমাকে স্পিকার ডেকেছিলেন, দেখা করেছি। তদন্ত হোক, দল যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে।’
গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বরে অবস্থিত প্রায় ৫০ বছরের পুরোনো 'রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার'-এ আড়াই শতাধিক সশস্ত্র মুখোশধারী হামলা চালায়। এতে কেন্দ্রের অবকাঠামো ধ্বংসের পাশাপাশি প্রায় দেড় কোটি টাকার মালামাল লুটপাট হয়। এই নজিরবিহীন হামলায় স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ এমপি মিষ্টির ঘনিষ্ঠদের নাম উঠে আসে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে নিরপেক্ষ তদন্তের ঘোষণা দেন এবং জিরো টলারেন্স নীতি গ্রহণ করে সরকার তাকে সংসদ পদ থেকে অপসারণ ও দলীয় ব্যবস্থার সিদ্ধান্ত নেয়।