পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি

এর আগে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট, ভাঙচুর ও দখলের চেষ্টার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবর প্রকাশিত হয়।

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পিএম

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (০১ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সংসদ সচিবালয় তার আসনটি শূন্য ঘোষণা করে।

পদত্যাগপত্রে ফেরদৌসী আহমেদ জানিয়েছেন, তিনি নিজের সিদ্ধান্তেই এবং স্বেচ্ছায় সংসদ সদস্যের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। চিঠিতে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে দায়িত্ব পালনের কথা উল্লেখ করে পদত্যাগপত্র গ্রহণ এবং তা কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের প্রতি অনুরোধ জানান তিনি।

এর বাইরে পদত্যাগের কারণ বা রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনা নিয়ে কোনো বক্তব্য পদত্যাগপত্রে উল্লেখ করেননি বলে জানা গেছে।

বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে এবার বিএনপির জন্য ৩৬টি আসন নির্ধারিত হয়। গত ৩০ এপ্রিল এসব আসনের সংসদ সদস্যদের গেজেট প্রকাশিত হয় এবং ৩ মে তাঁরা শপথ নেন। সেই হিসাবে দায়িত্ব নেওয়ার প্রায় পাঁচ মাসের মাথায় পদত্যাগ করলেন মিষ্টি।

এর আগে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট, ভাঙচুর ও দখলের চেষ্টার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবর প্রকাশিত হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত