সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশের মেয়েরা

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১১:৩৩ এএম

এশিয়ান গেমসে স্নায়ুক্ষয়ী এক লড়াই শেষে হাসিমুখে আসর শেষ করল বাংলাদেশ নারী হকি দল। আজ নবম থেকে দ্বাদশ স্থান নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে রোমাঞ্চকর টাইব্রেকার জয় তুলে নিয়ে নবম স্থান অর্জন করল লাল-সবুজের প্রতিনিধিরা।

জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত গতিতে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ তৈরি করে ম্যাচের ১০ম মিনিটে ডেডলক ভেঙে দেন ফরোয়ার্ড আইরিন আক্তার রিয়া। তার স্টিক থেকে আসা দারুণ এক ফিল্ড গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের রঙ বদলাতে শুরু করে। আক্রমণ-পাল্টা আক্রমণের এই লড়াইয়ে ৪২তম মিনিটে হলুদ কার্ড দেখে সাময়িক বহিষ্কার হন ডিফেন্ডার লিমা আক্তার। ফলে ১০ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। 

এই সুযোগটি পুরোপুরি কাজে লাগায় সিঙ্গাপুর; ম্যাচের ৪৪তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান তৌ লি মিন (১-১)। একজন কম নিয়ে খেলা সত্ত্বেও লাল-সবুজরা নিজেদের রক্ষণ দুর্গ অটুট রেখে নির্ধারিত সময় পর্যন্ত লড়াই চালিয়ে যায়।

নির্ধারিত সময়ের খেলা ড্র হওয়ায় ম্যাচ গড়ায় চরম উত্তেজনাপূর্ণ পেনাল্টি শুটআউটে। সেখানে স্নায়ুচাপ পুরোপুরি নিয়ন্ত্রণে রেখে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে পেছনে ফেলে বিজয়ীর হাসি হাসে বাংলাদেশ।

প্রতিযোগিয়ার দুই পুল মিলিয়ে ১২ দলের মধ্যে নবম হলো লাল-সবুজের দলটি। এদিকে এই মেয়েদের হকির এই ইভেন্টে আজ সোনা জয়ের লড়াইয়ে নামবে ভারত আর চীন। এর আগে ব্রোঞ্জ পদকের জন্য লড়বে কোরিয়া ও স্বাগতিক জাপান। 

সর্বশেষ সর্বাধিক পঠিত