গির্জা থেকে চুরি যাওয়া ৭০ কেজির ঘণ্টা উদ্ধার

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০২:৪১ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ে অবস্থিত সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি যাওয়া প্রায় ৭০ কেজি ওজনের একটি পিতলের ঘণ্টা অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশে ঘণ্টাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের সামনে সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দ্বিতীয় তলার খোলা জায়গায় ঘণ্টাটি রাখা ছিল। বৃহস্পতিবার রাত ১২টা ৩ মিনিটের পর কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা সেটি নিয়ে যায়।

ভোর ৪টা ৩৫ মিনিটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে চুরি যাওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে।

ওসি বলেন, পুলিশের অভিযানের মধ্যে চোর বা চোরেরা ঘণ্টাটি ফেলে পালিয়ে যায়। পরে জাকির হোসেন রোডের ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিব্যাগে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি পাওয়া যায়।

চুরির আগে রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বন্ধ থাকার কারণ তদন্ত করা হচ্ছে জানিয়ে আব্দুল হালিম বলেন, আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ভিডিও সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

উদ্ধার করা ঘণ্টাটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত