কুমিল্লা টাউন হল মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলা। শুক্রবার (২ অক্টোবর) ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী।
কুমিল্লা জেলার সরকারি ও বেসরকারি কারিগরি, ভোকেশনাল এডুকেশন ও ট্রেনিং ইনস্টিটিউশন ফোরাম (টিভিইটি) এ মেলার আয়োজন করেছে। মেলায় বিভিন্ন কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী বলেন, দেশের জন্য কারিগরি শিক্ষানির্ভর শিক্ষা নীতি প্রয়োজন। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আজকের জেনারেশন আগুনের গোলা। তাদের সঠিক পথে পরিচালিত করতে পারলে ইনশা আল্লাহ, বাংলাদেশ একদিন সব ক্ষেত্রে নাম করবে।’
মনিরুল হক চৌধুরী বলেন, ‘আগামী নভেম্বরে কুমিল্লার সবাইকে নিয়ে ‘দ্য এডুকেশন পলিসি—কুমিল্লা কনসেপ্ট’ নিয়ে আলোচনা হবে। সেখানে কারিগরি শিক্ষা পদ্ধতিকে অগ্রাধিকার দেওয়া হবে।’
মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন সংসদ সদস্য। এ সময় শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প দেখে তিনি প্রশংসা করেন।
তিনি আরও বলেন, ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি কোর্স চালুর যে সিদ্ধান্ত হয়েছে, তা খুবই সম্ভাবনাময়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তারেক রহমান যতদিন আছেন, দেশ বিপথগামী হবে না।’
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুলতানা রাজিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষার চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক ও উপসচিব কাজী ফারুক আহম্মেদ এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি মো. আমিরুজ্জামান আমির।
এ ছাড়া অনুষ্ঠানে কুমিল্লা টাউন হলের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুল কবীর সাজ্জাদ, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আক্তার হোসেন, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল নাছের, লিবারেল আর্টস অনুষদের ডিন অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী।