ফেসবুক পোস্ট ঘিরে খুবির হল রোডে উত্তেজনা

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪২ এএম

খুলনা বিশ্ববিদ্যালয়ে মাদক পরিস্থিতি ও হল রোডের কয়েকটি ব্যাচেলর বাসা সম্পর্কে ফেসবুকে একটি পোস্টের জের ধরে খুবির হল রোডে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

রাত ৮টার দিকে খুবির কয়েকজন শিক্ষার্থী সাজ্জাদুল সজল নামের স্থানীয় এক যুবককে জিজ্ঞাসাবাদের পাশাপাশি মারধর করার অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের বিরোধের জেরে একজন যুবককে ধরে নিয়ে যাওয়ায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

আরেক স্থানীয় বাসিন্দা ইকবাল বলেন, একদল শিক্ষার্থী সজলকে জিজ্ঞাসাবাদ করতে বাইরে থেকে ক্যাম্পাসের ভিতরে নিয়ে যায়। মারধরের খবর পেয়ে স্থানীয়রা সেখানে গিয়ে তাঁকে বাইরে নিয়ে আসেন। পরে আবার তাঁকে ক্যাম্পাসের মধ্যে নিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, খুবির গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তিন ৩ জন শিক্ষার্থীকে মাদকসংক্রান্ত অভিযোগে সাময়িক বহিষ্কার ও জরিমানার বিষয় নিয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্ট থেকেই ঘটনার সূত্রপাত। ওই পোস্টে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাদক সরবরাহ ও সেবনের পাশাপাশি হল রোডের কিছু ব্যাচেলর বাসায় শিক্ষার্থী ও তরুণ-তরুণীদের চলাচল নিয়েও অভিযোগ করা হয়। তবে এসব অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও এসব অভিযোগ নিয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন বলেন, ওই যুবককে হরিণটানা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, ঘটনার পর দুজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের নাম, ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি ঘটনাস্থলে রয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর একাডেমিক ভবনে মাদকদ্রব্য (গাঁজা) পাওয়ার অভিযোগে পুলিশ ৩ জন শিক্ষার্থীকে আটক করে। এই ঘটনায় গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। তাঁরা হলেন কাজী রিয়াজুস ছলেহীন, এস এম তৌফিক আলম ও মো. মুশফিক উল ইসলাম। এর ঘটনার পর থেকে হল রোডে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত