কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে অব্যাহত রয়েছে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান। জেলার ১৮টি থানায় একযোগে চালানো সর্বশেষ অভিযানে ৩৬৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে মধ্যরাত পর্যন্ত জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ টিম এ অভিযান পরিচালনা করে।
শনিবার (৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন এলাকা, কিশোরদের আড্ডাস্থল এবং অপরাধপ্রবণ স্পটগুলোতে বিশেষ নজরদারি বাড়িয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তিদের মধ্যে কারা প্রকৃত অপরাধে জড়িত, তা নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।
এর আগে গত চার দফায় (বুধবার, শনিবার, রোববার ও মঙ্গলবার রাতে) কুমিল্লা জেলার ১৮টি থানায় পৃথক অভিযানে মোট ১ হাজার ৬৭২ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১ হাজার ১৩০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ। বাকি ৫৪২ জনের বিরুদ্ধে মাদক, নিয়মিত মামলা, ভ্রাম্যমাণ আদালত, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
সর্বশেষ ৩৬৩ জনসহ গত ৯ দিনে মোট পাঁচ দফার অভিযানে কুমিল্লায় ২ হাজার ৩৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযানের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, টানা কয়েক দিনের কঠোর নজরদারি ও যৌথ অভিযানের ফলে জেলায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা অনেকটাই কমে এসেছে, যা সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে এনেছে। উঠতি বয়সী তরুণ ও কিশোরেরা যাতে কোনোভাবেই অপরাধ জগতে যুক্ত হতে না পারে, সে জন্য নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৭৯