রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২ অক্টোবর) রাতের কোন এক সময়ে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সরেজমিন দেখা যায়, শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়। কার্যালয়ের উত্তর পাশে মিলনায়তনের কলাপসিবল গেটে কালি জমে আছে। দলীয় নেতাকর্মীরা কার্যালয়ে পরিদর্শন করেছেন। কার্যালয় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল বলেন, গত রাতে আমাদের পার্টি অফিস আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। আমরা মনে করি পরাজিত ফ্যাসিবাদী শক্তি আমাদের অফিসটি ভস্মীভূত করার চেষ্টা করেছে। পার্টি অফিসে আগুন দেওয়া মানে আমাদের অস্তিত্বের উপর আঘাত করা। পার্টির পক্ষ থেকে মামলা করা হবে। এছাড়া সকল ভেদাভেদ ভুলে সম্মিলিত ভাবে ফ্যাসিবাদকে বিতারিত করা হবে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, রাতের অন্ধকারে কেউ আগুন দেওয়ার চেষ্টা করেছিল। এ ঘটনায় আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।