কঙ্গোতে ইবোলায় মৃত্যু ৪ হাজার ছাড়াল

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫২ এএম

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। দেশটির সরকারি তথ্যের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত শুক্রবার কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ১৮ জনে দাঁড়িয়েছে। দেশটির সাতটি প্রদেশে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩০০ জনে পৌঁছেছে। এ ছাড়া ২ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে উঠেছেন। দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই মহামারী নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নেওয়া হলেও সংক্রমণ ঠেকানো যাচ্ছে না।

বুন্দিবুগিও প্রজাতির ইবোলা ভাইরাসের কারণে এবারের প্রাদুর্ভাবের শুরু। এই ভাইরাসের বিরুদ্ধে এখনো কোনো কার্যকর টিকা আসেনি। এরই মধ্যে এটি ২০১৮ থেকে ২০২০ সালের প্রাদুর্ভাবকে ছাড়িয়ে কঙ্গোর সবচেয়ে বড় ও প্রাণঘাতী ইবোলা মহামারীতে পরিণত হয়েছে। তবে প্রাণহানির দিক থেকে এটি এখনো ২০১৪ থেকে ২০১৬ সালের পশ্চিম আফ্রিকার ইবোলা মহামারীর পর দ্বিতীয়। ওই সময় গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ২৮ হাজার ৬০০ জনের বেশি মানুষ আক্রান্ত হন এবং ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। কঙ্গো সরকার ও জাতিসংঘ গত মাসে জানিয়েছিল, দেশটির পূর্বাঞ্চলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রতিবেশী নর্থ কিভু প্রদেশেও এর বিস্তার অব্যাহত রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত