বাংলা নাটকের এখন সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ইউটিউব। বৈচিত্র্যময় গল্প ও তারকাদের রসায়নে দর্শকরা ঝুঁকছেন এই ডিজিটাল পর্দায়। সম্প্রতি ইউটিউবে উন্মুক্ত হওয়া এমন পাঁচ আলোচিত নাটক নিয়ে এই আয়োজন। লিখেছেন তারেক আনন্দ
ইয়াশ-নীহার ‘নিয়তি’
ইউটিউবে মুক্তি পেয়েছে নতুন নাটক ‘নিয়তি’। মুহাম্মদ মিফতাহ আনানের রচনা ও পরিচালনায় প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত করা হয়েছে। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন এই প্রজন্মের জনপ্রিয় জুটি ইয়াশ রোহান এবং নাজনীন নাহার নীহা। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে শহীদুজ্জামান সেলিম ও জয়নাল জ্যাকসহ অনেকে।
পারিবারিক সম্পর্কের জটিলতা, আদর্শের দ্বন্দ্ব এবং আবেগময় প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। সন্তান ও বাবা-মায়ের টানাপড়েনের বাস্তবধর্মী চিত্রনাট্য এবং অভিনয়শিল্পীদের সাবলীল উপস্থাপন দর্শকদের বেশ নজর কাড়ছে। বিশেষ করে ইয়াশ রোহান ও নাজনীন নীহার অনস্ক্রিন রসায়ন এবং পরিপক্ব অভিনয় সামাজিক মাধ্যমে বেশ প্রশংসা কুড়াচ্ছে। চার দিনেই নাটকটি প্রায় ৭০ লাখ দর্শক উপভোগ করেছেন।
আরশ-সুনেরার ‘মায়ারে’
বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল একের পর এক গল্পনির্ভর কাজ দিয়ে দর্শকের নজর কেড়েছেন। প্রশংসিত এই জুটি এবার হাজির হলেন নতুন নাটক ‘মায়ারে’ নিয়ে। এলবিসি এন্টারটেইনমেন্ট থেকে নাটকটি অবমুক্ত হয়েছে।
নাজ নাজমার রচনা ও সংলাপে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজী বাহাদুর হিমু। কাজটির অভিজ্ঞতা নিয়ে আরশ খান জানান, তার অভিনীত ‘দাদী ভয়ংকর’ ও ‘বউ পালানোর পরে’ নাটক দুটি থেকে খুব ভালো সাড়া পাচ্ছেন। ‘মায়ারে’ নাটকের চমৎকার গল্পের কারণে এটিও দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করেছে।
সুনেরাহ জানান, নাটকে তার চরিত্রটি খুবই চমৎকার। পুরো নাটকটি তিনি বেশ উপভোগ করেছেন। কাজটির জন্য দর্শকদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছেন।
নাটকটির গল্প মূলত তরুণ প্রজন্মের জটিল সম্পর্ক, আবেগ এবং ভুল-বোঝাবুঝিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। দুই প্রধান শিল্পীর প্রাণবন্ত অনস্ক্রিন রসায়ন গল্পটিকে গভীরতা দিয়েছে। দুই দিনেই নাটকটি দেখেছেন বিশ লাখের বেশি দর্শক।
বাসার-সাদনিমার ‘তোমার ঠিকানায়’
‘হিয়া এন্টারটেইনমেন্ট’-এ অবমুক্ত হয়েছে ‘তোমার ঠিকানায়’। পারিবারিক আবহ, গভীর ভালোবাসা ও আবেগ-অনুভূতির টানাপড়েন নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। প্রকাশের পর থেকেই দর্শক মহলে বেশ ইতিবাচক সাড়া ও প্রশংসা কুড়াচ্ছে এটি।
নাটকটির গল্প, চিত্রনাট্য পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন। এতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান। পর্দায় তাদের রসায়ন ও সাবলীল অভিনয় দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে।
খায়রুল বাসার ও সাদনিমা ছাড়াও নাটকটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, সমাপ্তি মাসুক, শারমিন শর্মী, এম কে নয়নতারা, তাব্বাসুম মারিয়া, মারুফ ভূঁইয়া ও মুক্তা চৌধুরীসহ অনেকে। এক সপ্তাহে ১ কোটি ১৮ লাখের বেশি দর্শক উপভোগ করছেন নাটকটি।
ফারহান-নীলার ‘সংসারের বোঝা’
পারিবারিক ও সামাজিক গল্পের একক নাটক ‘সংসারের বোঝা’ অবমুক্ত হয়েছে জি-সিরিজ বাংলা নাটক ইউটিউব চ্যানেলে। প্রত্যয় হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। একটি মধ্যবিত্ত পরিবারের টানাপড়েন, দায়িত্ববোধ ও আত্মত্যাগের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে এই প্রযোজনায়।
নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। তার বিপরীতে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা। সাধারণ পরিবারের সুখ-দুঃখ ও দায়িত্বের ভার বহন করার আবেগ পর্দায় ফুটিয়ে তুলেছেন তারা। তাদের রসায়ন ও জীবনঘনিষ্ঠ অভিনয় সামাজিক মাধ্যমে বেশ সমাদৃত হচ্ছে।
মুশফিক আর ফারহান ও নীলাঞ্জনা নীলা ছাড়াও এতে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল সুজন, নরেশ ভূঁইয়া, শিল্পী সরকার অপু, মুকিত জাকারিয়া, মাহবুব আক্তার মাহা, মিনহা ও সোহেল হাসানসহ অনেকে। ১ অক্টোবর প্রকাশ হওয়া নাটকটি দেখেছেন প্রায় ৫০ লাখ দর্শক।
তৌসিফ-তটিনীর ‘হৃদয় জুড়ে তুমি’
সুলতান মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে নাটক ‘হৃদয় জুড়ে তুমি’। মিষ্টি প্রেমের গল্প ও আধুনিক আবেগে নিয়ে নির্মিত বিশেষ এই নাটকটি প্রকাশের পর থেকেই দর্শকের মাঝে সাড়া ফেলেছে।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। এর প্রধান দুই চরিত্রে দারুণ অভিনয় করেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব এবং তানজিম সাইয়ারা তটিনী। তাদের সাবলীল অভিনয় ও অনস্ক্রিন রোমান্টিক রসায়ন নাটকটিকে আলাদা এক মাত্রা দিয়েছে।
তৌসিফ ও তটিনী ছাড়াও নাটকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, খসরু পারভেজ রুমি, এ কে আজাদ সেতু, শারমিন সুলতানা শর্মি, মো. ইকবাল হোসেন, কাকন কৃষ্ণা ঘোষ, পারভেজ সুমন এবং মুন্না আহসানসহ অনেকে। প্রায় ৫০ লাখ দর্শক নাটকটি উপভোগ করেছেন।