যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের রেশ ধরে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর সামরিক পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন, অন্যদিকে ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী।
হুথিদের নিয়ন্ত্রণে থাকা রাজধানীতে এই হামলার জেরে আরও বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় হুথিদের সঙ্গে সংঘাতে দেড় হাজারের বেশি হতাহতের দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী।
এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান নিয়ে সিদ্ধান্ত আসছে। তার ভাষায়, ‘এখন একটাই প্রশ্ন-এটি সহজ পথে হবে, নাকি কঠিন পথে।’
এর মধ্যেই ওমান উপকূলে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, শনিবার উপকূলের কাছে একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার হামলার শিকার হয়েছে। দুই দিনের মধ্যে ওই এলাকায় এটি তৃতীয় জাহাজে হামলার ঘটনা।