বিমানবন্দরে সরকারি কাজে বাধা দান এবং নিরাপত্তা কর্মকর্তাদের হুমকি ও হেনস্তার মামলায় গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতা, সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালত শুনানি শেষে এ আদেশ প্রদান করেন।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ট্রলি সংকট, মালামাল পাওয়ার বিলম্ব এবং জমজমের পানি না পৌঁছানো কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হয়।
এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে চরম বাকবিতণ্ডা ও হুমকি-ধামকির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে বিমানবন্দর থানায় সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তা হেনস্তার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে গত শুক্রবার বিকেলে ডিবি পুলিশ তাকে রাজধানীর ক্যান্টনমেন্ট ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার করে।
শনিবার (৩ অক্টোবর) পুলিশ আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে এ দিন বিকেলে তাকে সিএমএম আদালতের হাজতখানায় এনে রাখা হয়।
রবিবার শুনানি শুরুর পূর্বে এজলাসে জামায়াত ও বিএনপিপন্থি আইনজীবীদের উপস্থিতিতে হঠাৎ হট্টগোল শুরু হয়। পরিস্থিতি থমথমে হয়ে উঠলে বিচারক সাময়িকভাবে এজলাস ছেড়ে খাসকামরায় চলে যান।
পরে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী উভয় পক্ষকে শান্ত করেন। এতে এজলাসে থাকা আখতারুজ্জামান নিজেও দুই হাত জোর করে আইনজীবীদের থামার অনুরোধ জানান।
পরিবেশ অনুকূলে এলে বিচারক পুনরায় এজলাসে আসন গ্রহণ করেন। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে শারীরিক দুর্বলতা প্রকাশ করে আখতারুজ্জামান ভাঙা গলায় বলেন, ‘আমি অত্যন্ত অসুস্থ। আমার পক্ষে ১০ জন আইনজীবীকে শুনানি করার অনুমতি দিন।’
শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামির জামিনের বিরোধিতা করে কারাগারে আটক রাখার জোর আবেদন জানায়। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শনিবার (৩ অক্টোবর) রিমান্ড শুনানির জন্য আদালতে উপস্থিত করার সময় আখতারুজ্জামান ক্ষোভ প্রকাশ করে নিজের হেলমেট ছুঁড়ে ফেলে দেন এবং সরকার ও পুলিশ সদস্যদের উদ্দেশ্যে চড়াও হয়ে উক্তি করেন।
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
‘অবৈধ আদেশ মানি না’, আদালতে হেলমেট ছুঁড়ে আখতারুজ্জামান