পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল সৌজন্য সাক্ষাৎকালে এ অঙ্গীকার ব্যক্ত করেন। ওই সাক্ষাৎ অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে পানিসম্পদ মন্ত্রী নেদারল্যান্ডসকে বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন। দুদেশের সুদৃঢ় সম্পর্কের কথা তুলে ধরে তিনি পানিসম্পদ ব্যবস্থাপনা, অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে ডাচ সরকারের সহযোগিতা আহ্বান জানান।
বৈঠকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ স্মরণ করিয়ে দেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পানিসম্পদ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতার লক্ষ্যে নেদারল্যান্ডসের সঙ্গে প্রথম সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিলেন। তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নেদারল্যান্ডসের ধারাবাহিক সমর্থন ও ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।
ডাচ রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল উল্লেখ করেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস- উভয়েই ব-দ্বীপ অঞ্চল হওয়ায় তাদের ভৌগোলিক বৈশিষ্ট্যে গভীর মিল রয়েছে। তিনি জানান, বাংলাদেশে টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ এবং নদীভাঙন প্রতিরোধে কাজ করতে ডাচ সরকার অত্যন্ত আগ্রহী। একই সঙ্গে আগামী দিনেও বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নেদারল্যান্ডসের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে পানিসম্পদ সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন এবং অতিরিক্ত সচিব মহা. এনামূল হক উপস্থিত ছিলেন।