মার্কেন্টাইল ব্যাংকের নতুন এএমডি আহমেদ শাহীন

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে যোগ দিয়েছেন সুপরিচিত ব্যাংকার আহমেদ শাহীন। আজ রবিবার (৪ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে যোগদান করেন।

নতুন এই পদে দায়িত্ব গ্রহণের পূর্বে আহমেদ শাহীন ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ব্যাংকিং খাতে ৩৩ বছরেরও বেশি সময়ের বর্ণাঢ্য অভিজ্ঞতাসম্পন্ন আহমেদ শাহীন বিভিন্ন আর্থিক সেবার উদ্ভাবন এবং কর্পোরেট ব্যাংকিং খাতের অগ্রগামী নেতৃত্বের জন্য বিশেষভাবে সমাদৃত। তিনি ১৯৯২ সালের শেষের দিকে আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তাঁর ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি আন্তর্জাতিক ব্যাংকিং, কর্পোরেট রিলেশনশিপ এবং স্ট্রাকচারড ফাইন্যান্সের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে সফলতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি প্রাইম ব্যাংক লিমিটেডে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও এআইইউবি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা আহমেদ শাহীন যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস থেকে মর্যাদাপূর্ণ ‘সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস)’ সনদপ্রাপ্ত। একই সঙ্গে তিনি ‘ফাইন্যান্স অব ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইউসিপি ৬০০ আইএফসি স্কিম’-এর একজন সনদপ্রাপ্ত গ্রাজুয়েট। বর্তমানে তিনি আইসিসি বাংলাদেশ ব্যাংকিং কমিশনেরও একজন সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকিং খাতে, বিশেষ করে ট্রেড ফাইন্যান্সের প্রসারে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।

তার এই যোগদানের ফলে মার্কেন্টাইল ব্যাংকের প্রাতিষ্ঠানিক আধুনিকায়ন, ডিজিটাল রূপান্তর, সুদৃঢ় ঝুঁকি ব্যবস্থাপনা, টেকসই অর্থায়ন এবং আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার ক্ষেত্রে আরও নতুন গতি আসবে বলে আশা করছে ব্যাংক কর্তৃপক্ষ।

সর্বশেষ সর্বাধিক পঠিত