রাষ্ট্রপতির সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছে। আজ রবিবার (৪ অক্টোবর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারে গৃহীত পদক্ষেপ এবং বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পরিচালিত যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় উপাচার্য আগামী ২০২৭ সালের ২৬ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে চ্যান্সেলর হিসেবে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্মতি জানান। তিনি সমাবর্তনে সভাপতিত্ব করবেন বলে আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে গেস্ট অব অনার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠই নয়; দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু।’

তিনি শিক্ষা ও গবেষণার মান বাড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এ ক্ষেত্রে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করারও আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত