মাস্টারপ্ল্যান বাস্তবায়নে যা প্রয়োজন, তাই করা হবে

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৩ এএম

দেশ রূপান্তর : মাস্টারপ্ল্যান বাস্তবায়নের জন্য যে ধরনের কার্যকর প্ল্যানিং বিভাগ প্রয়োজন, সিডিএ’র তা নেই। বিদ্যমান জনবল কাঠামো দিয়ে কীভাবে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করবেন?

প্রকৌশলী বেলায়েত হোসেন : অতীতে ১৯৯৫ সালের মাস্টারপ্ল্যান শেষ হওয়ার পর যেসব পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞরা যুক্ত ছিলেন পরবর্তী সময়ে তাদের সিডিএতে আত্তীকরণ করা হয়েছিল। এখনো যারা কাজ করছেন তাদের কীভাবে আমাদের এই মাস্টারপ্ল্যানের সঙ্গে যুক্ত রাখা যায়, তা নিয়েও আমাদের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া এই মাস্টারপ্ল্যান যাতে বাস্তবায়ন হয় সেজন্য জনবল কাঠামো অনুমোদনসহ যা যা করা প্রয়োজন সরকারের উচ্চ মহলের সঙ্গে কথা বলে আমরা তা করব।

দেশ রূপান্তর : এবারের মাস্টারপ্ল্যান চূড়ান্তকরণের আগে শহরের বিভিন্ন সংস্থা, স্থানীয় সংসদ সদস্য, পেশাজীবী সংগঠনসহ প্রায় সবার সঙ্গে সমন্বয় সভা করেছে সিডিএ। তাদের কাছ থেকে কোনো ধরনের পরামর্শ আসছে?

প্রকৌশলী বেলায়েত হোসেন : আমরা মাস্টারপ্ল্যান খসড়া তৈরি করে ওয়েবসাইটে দিয়ে দিয়েছি এবং এই শহরের সব সংস্থা ও পেশাজীবী সংগঠনের সঙ্গে বৈঠক করে তাদের পরামর্শ নিচ্ছি। তারা অনেকেই মাস্টারপ্ল্যানের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা কিংবা সুপারিশ দিয়েছেন। আমরা এসব সুপারিশ গ্রহণ করে আমাদের টেকনিক্যাল টিমকে বিবেচনার জন্য দিচ্ছি। টেকনিক্যাল টিম এসব প্রস্তাবনা বিবেচনা করে খসড়া মাস্টারপ্ল্যানের কোথাও সংযোজন বা বিয়োজন করতে হলে করে চূড়ান্ত মাস্টারপ্ল্যান তৈরি করবে। চলতি বছরেই আমরা তা চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশের উদ্যোগ নিচ্ছি।

দেশ রূপান্তর : এই শহরের একটি ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) রয়েছে। সেই ড্যাপে প্লট টু প্লট গাইড লাইন দেওয়া হয়েছিল। আর এবারের মাস্টারপ্ল্যানে সাধারণ গাইড লাইন দেওয়া হয়েছে। এতে বিড়ম্বনা বাড়বে কি?

প্রকৌশলী বেলায়েত হোসেন : বিড়ম্বনার কোনো সুযোগ নেই। আমাদের কাছে প্রতিটি প্লটের আর এস, বিএস ও স্যাটেলাইট উপাত্তসহ সব ধরনের উপাত্ত রয়েছে। নির্ধারিত প্লটের পাশে কত ফুট চওড়া রোড বা এর পাশে খাল বা পাহাড় রয়েছে কি না সেই তথ্যও রয়েছে। তাই এতে বিড়ম্বনার কোনো সুযোগ নেই।

প্রকৌশলী বেলায়েত হোসেন 

চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)

সর্বশেষ সর্বাধিক পঠিত