আবার কানাডা মাতাবেন বন্যা

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৫ পিএম

কানাডার টরন্টো শহরে বসছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ-ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে হবে এই অনুষ্ঠান। যেখানে মঞ্চ মাতাবেন বরণ্যে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। একই মঞ্চে নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় নৃত্যশিল্পীজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। 

এ আয়োজনে অংশগ্রহণের বিষয়ে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘গত বছরও টরন্টোতে গেয়েছিলাম আমি। সেসময় দারুণ সাড়া পেয়েছি। এবারও সবার ভালোবাসায় ফের গাইতে টরন্টোতে যাচ্ছি। আমার বিশ্বাস এবারের আয়োজনও দারুণ সাড়া পাব। ইতোমধ্যে বাংলাদেশি কমিউনিটি ছাড়াও অন্য কমিউনিটির মানুষদের মধ্যেও আয়োজনটি নিয়ে বেশ আগ্রহ দেখতে পাচ্ছি।’ 

এছাড়াও এই অনুষ্ঠানে থাকছে জোনায়েদ আনোয়ারের দোতরা ও জাহাঙ্গীর হোসেনের বাঁশির মনোমুগ্ধকর পরিবেশনা। নাহিদ নাসরিন নয়ন ও গ্যালিয়ানো কনসার্ট সোসাইটি আয়োজিত পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন উপস্থাপিকা ফারহানা আহমেদ ও অজন্তা চৌধুরী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে, এদিন বন্যার সঙ্গে বাঁশি, সেতার, পিয়ানো, চেলো ও তবলায় থাকছেন বেশ ক’জন বিদেশি যন্ত্রশিল্পী। আয়োজক নৃত্যশিল্পী নাহিদ নাসরীন নয়ন বলেন, ‘প্রবাসের ব্যস্ত জীবনে বাংলা সংস্কৃতির শিকড়ে ফিরে যাওয়ার এক অনন্য আয়োজন মোমেন্টস উইথ লেজেন্ডস। এ সুযোগ সত্যিই বিরল। এ সন্ধ্যাটি সবার হৃদয়ে চিরদিনের জন্য স্মৃতি হয়ে থাকবে। আশা করছি আপনারা সবাই দলবেঁধে আমাদের অনুষ্ঠান উপভোগ করতে আসবেন।’ 

সর্বশেষ সর্বাধিক পঠিত