'মেসি, তোমাকে খুব ভালোবাসি, তোমার জার্সিটা আমাকে দাও'

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পিএম
লিওনেল মেসির বিদায়ী আন্তর্জাতিক ম্যাচের আগে আর্জেন্টিনার মুখোমুখি হওয়াকে নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় মুহূর্ত বলে আখ্যা দিয়েছেন আফ্রিকান দেশ বেনিনের অধিনায়ক স্টিভ মুনি। আর্জেন্টিনার ক্রীড়া মাধ্যম ওলে -কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বুন্দেসলিগার দল অউগ্সবুর্গে খেলা এই ফরোয়ার্ড আর্জেন্টিনা জাতীয় দল, মেসি এবং লাতিন আমেরিকান ফুটবলের খেলার ধরন নিয়ে খোলামেলা কথা বলেছেন।

ইনজুরির কারণে ঐতিহাসিক এই ম্যাচে মাঠে নামতে পারছেন না মুনি। তবে মাঠের বাইরে থেকে তরুণ দলকে দিকনির্দেশনা দিতেই তিনি বুয়েনস আইরেসে দলের সফরসঙ্গী হয়েছেন। ম্যাচের উচ্চাকাঙ্ক্ষা প্রসঙ্গে মুনি বলেন, "আমরা এখানে উৎসবের আমেজে এসেছি ঠিকই, তবে পুরো বিশ্বকে আমাদের ফুটবল প্রতিভা দেখানোর লক্ষ্য রয়েছে। বিশ্বজুড়ে সবাই ম্যাচটি দেখবে, তাই নিজেদের সেরাটা উজাড় করে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।"

লাতিন আমেরিকার ফুটবলের কৌশল নিয়ে বেশ কড়া মন্তব্য করেন এই আফ্রিকান তারকা। বিশেষ করে ফরাসি ক্লাব মার্সেইয়ের আর্জেন্টাইন ডিফেন্ডার লিওনার্দো বালের্দির সাথে মাঠে ঘটে যাওয়া এক তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, "আর্জেন্টিনা দলটাই এমন। লাতিন আমেরিকার দলগুলোর অন্যতম কৌশল হলো প্রতিপক্ষের মাথায় চেপে বসা এবং নোংরা খেলা। বিশ্বকাপে আমরা আর্জেন্টিনাকে এভাবে খেলতে দেখেছি। তারা প্রতিনিয়ত কথা বলবে, উস্কানি দেবে এবং মানসিক দিক থেকে আপনাকে বিচলিত করার চেষ্টা করবে। আপনি মানসিকভাবে শক্ত না হলে মেজাজ হারিয়ে কার্ড খেয়ে বসবেন।"

তিনি আরও যোগ করেন, "আমি আমার সতীর্থদের সতর্ক করব যেন তারা মাথা ঠান্ডা রাখে। কারণ আমরা ১১ জন নিয়ে ম্যাচ শেষ করতে চাই। বালের্দি খুবই চালাক এবং ক্ষতিকারক খেলোয়াড়, তবে সে ভালো ফুটবলার। আমি তাকে বলব আমার তরুণ খেলোয়াড়দের সাথে যেন এমন না করে।"
লিগ ওয়ানে খেলার সময় পিএসজির লিওনেল মেসি ও ব্রেস্তের স্টিভ মুনি

মেসির বিপক্ষে ক্লাবে খেলার অভিজ্ঞতা প্রসঙ্গে মুনি বলেন, "পিএসজির হয়ে যখন মেসি খেলেছিলেন, তখন আমি ব্রেস্টের হয়ে তার মুখোমুখি হয়েছিলাম। তবে ক্লাবের হয়ে খেলা আর আর্জেন্টিনার জার্সি গায়ে খেলার মধ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে। মেসি এমন একজন ফুটবলার, যিনি শতভাগ না দিয়ে খেললেও প্রতিপক্ষকে ধ্বংস করে দিতে পারেন। আর্জেন্টিনার খেলোয়াড়রা নিজেদের দলে থাকলে ভালো, তবে প্রতিপক্ষ হিসেবে তারা ভীষণ বিপজ্জনক।" 
 
মেসির উদ্দেশ্যে রসিকতা করে এক বার্তায় তিনি বলেন, "আমি তাকে বলব এই মুহূর্তটি উপভোগ করতে, কারণ এটি তার জীবনের সেরা মুহূর্ত। বেনিন দল তাকে সেটা উপভোগ করার পুরো সুযোগ দেবে, তবে দয়া করে ম্যাচে খুব বেশি দৃষ্টিনন্দন গোল কোরো না, এই অনুরোধ!"
বেনিনের ভারপ্রাপ্ত অধিনায়ক তিজানি মোহাম্মদ
 

ফিফা র‍্যাংকিংয়ে ৯৩তম স্থানে থাকা বেনিন দলের এই ম্যাচের অধিনায়ক তিজানি মোহামেদ বলেন "এই ঐতিহাসিক ম্যাচের অংশ হতে পেরে আমরা ভীষণ আনন্দিত। এখানে আসার আগে আমরা শুধু মেসিকেই চিনতাম, যিনি বিশ্বের সেরা খেলোয়াড়। আমার জন্য এটি একটি অত্যন্ত বিশেষ ম্যাচ হতে যাচ্ছে।"

আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির পরা শেষ শার্টটি পাওয়ার জন্য নিজের মজার কৌশলের কথা প্রকাশ করে তিনি বলেন, "জার্সিটা আমিই পাব, মায়ের নামে শপথ করে বলছি! আমি তাকে সোজাসুজি গিয়ে বলব: 'মেসি, দেখো, আমি তোমাকে খুব ভালোবাসি, আমাকে তোমার জার্সিটা দাও।' ব্যাস, এটুকুই!"

 

সর্বশেষ সর্বাধিক পঠিত