মুহাম্মদ ইউনূসের সঙ্গে ব্রিটিশ এমপি রূপা হকের সাক্ষাৎ

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পিএম

নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য ও লেবার পার্টির এমপি রূপা হক। সোমবার (৫ অক্টোবর) ইউনূস সেন্টারে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে মূলত সামাজিক ব্যবসা নিয়ে অধ্যাপক ইউনূসের কাজ ও উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এ সময় রূপা হক ‘সুখী’ ও ইউনূস সেন্টারের কার্যালয় পরিদর্শন করেন। সেখানে তাঁকে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা দেওয়া হয়।

সাক্ষাতে ব্রিটিশ ইনস্টিটিউট অব টেকনোলজি, ইংল্যান্ডের প্রেসিডেন্ট অধ্যাপক এম এ ফার্মার এবং যুক্তরাজ্যের স্থানীয় রাজনীতিবিদ ও চার্টার্ড অ্যাকাউনট্যান্ট ওহিদ আহমেদ উপস্থিত ছিলেন। ওহিদ আহমেদ ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত লন্ডনের টাওয়ার হ্যামলেটস বরোর প্রথম স্ট্যাটিউটরি ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদও বৈঠকে উপস্থিত ছিলেন।

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত ইউনূস সেন্টার সামাজিক ব্যবসার একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে কাজ করে। প্রতিষ্ঠানটির লক্ষ্য ‘তিন শূন্যের’ বিশ্ব গড়ে তোলা—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ।

অন্যদিকে ‘সুখী’ একটি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান এবং বাংলাদেশে সবচেয়ে বড় ই-হেলথকেয়ার প্ল্যাটফর্ম হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত