ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে একই স্থানে পরপর দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক মোটরসাইকেল আরোহী নিহত ও এক বাসযাত্রী আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) গভীর রাতে জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর ভূইচিত্র এলাকায় ওই দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. আসলাম হোসেন (৪০)। তিনি ঢাকার শাহবাগ এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা মো. নজরুল ইসলাম (৪৭)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে একটি মোটরসাইকেলকে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আসলাম হোসেন মারা যান।
এর পরপরই একই দিক থেকে আসা যাত্রীবাহী লিটন ট্রাভেলসের চালক দুর্ঘটনাস্থল দেখে গতি কমিয়ে ব্রেক করেন। এ সময় পেছনে থাকা বেপরোয়া গতির আব্দুল্লাহ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লিটন ট্রাভেলসকে সজোরে ধাক্কা দেয়। এতে লিটন ট্রাভেলসের যাত্রী নজরুল ইসলাম গুরুতর আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ফায়ার সার্ভিসকর্মীরা মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত বাসযাত্রীকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।