তিন সংস্করণেই ভারতের নেতৃত্ব ছাড়লেন হারমানপ্রীত

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪০ পিএম

ভারতের নারী ক্রিকেটকে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পাইয়ে দেওয়ার গৌরব মাথায় নিয়ে অধিনায়কের দীর্ঘ অধ্যায় শেষ করলেন হারমানপ্রীত কৌর। তিন সংস্করণেই অধিনায়কত্ব ছাড়লেন তিনি।

গত বছর ঘরের মাঠে ভারতকে প্রথম গ্লোবাল ট্রফি উপহার দেওয়া (ওয়ানডে বিশ্বকাপ) এবং গত মাসে নিশিনে এশিয়ান গেমসে টানা দ্বিতীয়বারের মতো সোনা জেতানোর আজ মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক দীর্ঘ ও আবেগঘন বার্তায় নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। 

সাম্প্রতিক সময়ে গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা এবং প্রধান কোচ অমল মজুমদারের সঙ্গে নারী দলের ভবিষ্যৎ রোডম্যাপ নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকের ঠিক এক দিন পরেই এলো এই বড় সিদ্ধান্ত। 

৩৭ বছর বয়সী এই তারকা ভারতের জার্সিতে বর্ণাঢ্য এই অধ্যায়ে মোট ৫টি টেস্ট, ৫১টি ওয়ানডে এবং ১৫৫টি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। নিজের ইনস্টাগ্রাম পোস্টে এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার পেছনের অনুভূতি প্রকাশ করে তিনি জানান, ‘এটি সহজ কোনো সিদ্ধান্ত নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বছরের পর বছর ধরে জমে থাকা স্মৃতি, আবেগ, ত্যাগ এবং এমন অনেক মুহূর্ত, যা সারা জীবন আমার সঙ্গে থাকবে।’  

দলের স্বার্থে নিজের ব্যক্তিগত অর্জন বিসর্জন দেওয়ার কথা উল্লেখ করে তিনি আরও যোগ করেন, ‘আমি এই দলের জন্য এবং ভারতীয় নারী ক্রিকেটের জন্য আমার সর্বস্ব দিয়েছি, আমার রক্ত, আমার ঘাম, আমার সময়, এবং বহুবার আমার নিজস্ব খেলা ও ব্যক্তিগত উচ্চাশার একটা অংশ। এমন কিছু মুহূর্ত এসেছে যখন আমাকে আমার ব্যক্তিগত পারফরম্যান্স, নিজের বিকাশ এবং নিজের চাওয়া-পাওয়াগুলোকে দূরে সরিয়ে রাখতে হয়েছে, কারণ আমি বিশ্বাস করতাম দল সবার আগে।’ 

অধিনায়ক হিসেবে দীর্ঘ যাত্রায় নানা কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে এবং তার একটা ব্যক্তিগত মূল্যও দিতে হয়েছে উল্লেখ করে তিনি জানান, ‘অধিনায়ক হিসেবে আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। সব সিদ্ধান্ত সবাই বুঝতে পারেনি, সব সিদ্ধান্ত সহজও ছিল না। কখনো কখনো এসব সিদ্ধান্তের ব্যক্তিগত মূল্যও দিতে হয়েছে। কিন্তু আমি প্রতিটি সিদ্ধান্ত নিয়েছি একটাই উদ্দেশ্যে, এই দলকে আরও ভালো করা ও অন্য খেলোয়াড়দের বেড়ে ওঠার, নিজেদের ওপর বিশ্বাস রাখার এবং নিজেদের সেরা সংস্করণ হয়ে ওঠার সুযোগ করে দেওয়া।’ 

চলতি বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়া এবং কোচিং স্টাফ ও নির্বাচক পর্ষদের ভেতরে চলা নানা গুঞ্জনের মাঝেই এই পরিবর্তন আসলো। বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দুটি ডব্লিউপিএল শিরোপা এনে দেওয়া স্মৃতি মান্ধানার নাম সম্ভাব্য নতুন অধিনায়ক হিসেবে জোরালোভাবে সামনে চলে আসছে। 

তবে সমস্ত গুঞ্জন ও অলিম্পিক ভাবনার বাইরে গিয়ে নিজের কর্তব্যের ইতি টানার শান্তি প্রকাশ করে হারমানপ্রীত বলেন, ‘আজ আমি অনেক আবেগ নিয়ে অধিনায়কত্ব ছাড়ছি, তবে একই সঙ্গে আমার মনে শান্তিও আছে। কারণ আমি সত্যিই বিশ্বাস করি, আমার দল এখন ভালো জায়গায় আছে। এই দলে প্রতিভা আছে, চরিত্র আছে, বিশ্বাস আছে এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ আছে। সেই ভবিষ্যৎ দেখতে ও তার অংশ হয়ে থাকতে আমি ভীষণ আগ্রহী।’ 

অধিনায়কত্বের অধ্যায় চুকিয়ে ফেললেও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে নিজের উপস্থিতি বজায় রাখবেন তিনি। ইনস্টাগ্রামের ওই বার্তার শেষাংশে সতীর্থ, কোচ, সাপোর্ট স্টাফ, বিসিসিআই এবং প্রতিটি সমর্থককে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘এখন সময় এসেছে পাতা উল্টানোর। অধিনায়কত্ব আজ শেষ হতে পারে, কিন্তু ভারতীয় ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা কখনো ফুরাবে না। ভালো-মন্দে পাশে থাকা প্রতিটি সতীর্থ, কোচ, সাপোর্ট স্টাফ, ব্যবস্থাপনা, বিসিসিআই, পরিবারের সদস্য এবং প্রতিটি সমর্থককে ধন্যবাদ।’ 

আন্তর্জাতিক অঙ্গনে এমন কঠিন নেওয়ার পর আসন্ন মেয়েদের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি চাপমুক্ত হয়ে মাঠে নামার জন্য প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন এই বিশ্বকাপজয়ী কিংবদন্তি।

সর্বশেষ সর্বাধিক পঠিত