ইবিতে পরীক্ষার উত্তরপত্র উধাও, তদন্তে কমিটি

জানা যায়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের একটি কোর্সের ৬০টির বেশি উত্তরপত্র হারিয়ে যাওয়ায় পাঁচ মাস ধরে আটকে আছে সেমিস্টারের ফল।

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের একটি কোর্সের ৬০টির অধিক উত্তরপত্র হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. এস. এম আয়নুল হক আকন্দকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
 
মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা গেছে। 
 
কমিটিতে সদস্য সচিব হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামরুজ্জামান এবং সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ। ‎অফিস আদেশে তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের পরই উক্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
‎
জানা যায়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের একটি কোর্সের ৬০টির বেশি উত্তরপত্র হারিয়ে যাওয়ায় পাঁচ মাস ধরে আটকে আছে সেমিস্টারের ফল। ফল প্রকাশ করতে না পারায় পরবর্তী সেমিস্টারের পরীক্ষাও স্থগিত করেছে বিভাগ। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের পরীক্ষা গত ২ মে শুরু এবং শেষ হয় ২০ মে। এ সেমিস্টারে মোট ছয়টি কোর্সের মধ্যে পাঁচটির নম্বরপত্র পরীক্ষা কমিটির সভাপতির কাছে জমা পড়েছে। তবে ২১০৭ নম্বর কোর্সের উত্তরপত্রের হদিস না পাওয়ায় ফল প্রকাশ করতে পারছে না বিভাগ।
 
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ. এস. এম আয়নুল হক আকন্দ বলেন, চিঠি হাতে পেয়েছি। আমরা তদন্তের কাজ অনেক দূর এগিয়ে নিয়েছি। আশা করি আগামীকাল বা পরবর্তী শনিবার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবো।
সর্বশেষ সর্বাধিক পঠিত