বিশ্ব ফুটবলে সাম্প্রতিক সময়ে হওয়া তিনটি বিতর্কিত ঘটনা নিয়ে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) দুই কমিটির কাছে দুটি পৃথক অভিযোগ দায়ের করেছে নরওয়েজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (এনএফএফ)। রয়টার্স জানিয়েছে, ফিফার এথিক্স (নীতিমালা) এবং গভর্নেন্স (শাসন ও পরিচালনা) কমিটির কাছে এসব অভিযোগ জমা দিয়েছে নরওয়ে।
এনএফএফ-এর এই উদ্যোগ ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর নেতৃত্বের বিরুদ্ধে তাদের সবচেয়ে আনুষ্ঠানিক চ্যালেঞ্জ। এর মাধ্যমে বিশ্ব ফুটবলের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সুশাসন ও স্বচ্ছতা নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা টানাপোড়েন আরও এক ধাপ বৃদ্ধি পেল।
এনএফএফ তাদের বিবৃতিতে জানিয়েছে, "প্রথম আবেদনটি ফিফার এথিক্স কমিটির কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ। এতে ফিফার নীতিমালার কোনো লঙ্ঘন হয়েছে কি না—তা খতিয়ে দেখতে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো এবং তদন্তে যাদের নাম আসবে তাদের সবার আচরণ পরীক্ষা করার অনুরোধ জানানো হয়েছে।"
"দ্বিতীয় আবেদনটি ফিফার গভর্নেন্স, অডিট অ্যান্ড কমপ্লায়েন্স কমিটির (জিএসিসি) কাছে একটি সুপারিশমালা। সেখানে ফিফার পরিচালনা ব্যবস্থা, আর্থিক তদারকি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সঠিকভাবে কাজ করেছে কি না, তা যাচাইয়ের অনুরোধ করা হয়েছে।"
এনএফএফ জানায়, তাদের এই অভিযোগগুলো মূলত তিনটি পৃথক ঘটনার সাথে সম্পর্কিত:
১. 'ফিফা পিস প্রাইজ' গঠন (যার প্রথমটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়েছ)
২. বিশ্বকাপের সময় যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, এবং
৩. বাতিল হয়ে যাওয়া 'ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ' (এফএফই) প্রকল্প—যার মাধ্যমে বিনিয়োগকারীদের ফিফার বিভিন্ন টুর্নামেন্ট (বিশ্বকাপসহ) পরিচালনাকারী প্রতিষ্ঠান এফএফই-এর কিছু অংশীদারিত্ব কেনার সুযোগ দেওয়া হচ্ছিল।
বিবৃতিতে আরও বলা হয়, "ফিফার ভেতর অভ্যন্তরীণ পরিচালনা, স্বচ্ছতা ও ক্ষমতার পৃথকীকরণ নিয়ে এনএফএফ বছরের পর বছর ধরে প্রশ্ন তুলে আসছে। আন্তর্জাতিক ফুটবলে সুশাসন নিশ্চিত করতে আমাদের যে অঙ্গীকার, এই অভিযোগগুলো তারই ধারাবাহিকতা।"
"আমাদের উদ্দেশ্য হলো উপযুক্ত পর্ষদের কাছে বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে তুলে ধরা, সেগুলোর সঠিক তদন্ত নিশ্চিত করা, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ জোগাড় করা এবং তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা।"
এনএফএফ জানিয়েছে, এথিক্স কমিটিতে জমা দেওয়া অভিযোগটি প্রাথমিক তদন্তের জন্য গঠন করা বিশেষ চেম্বার মূল্যায়ন করবে। অন্যদিকে, এই তিনটি ঘটনার প্রেক্ষাপটে উঠে আসা প্রাতিষ্ঠানিক ও পরিচালনাসংক্রান্ত ত্রুটিগুলো পর্যালোচনা করতে জিএসিসি-কে তাদের নিজস্ব তদারকি ক্ষমতা ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
ফুটবল ছেড়ে কি করবেন লিওনেল মেসি