রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে চবিসাসের মিছিল

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মিছিল ও মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। হামলায় জড়িতদের শাস্তি এবং দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায় চবিসাস নেতৃবৃন্দ। 

সোমবার (৬ অক্টোবর) দুপুর দুইটায় চবির বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচি পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।

মানববন্ধন শেষে চবির বুদ্ধিজীবী চত্বর থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেন বিভিন্ন গণমাধ্যমের ক্যাম্পাস প্রতিনিধিরা।

মানববন্ধন থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ; রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা নিরপেক্ষ ও বিচার বিভাগীয় তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব স্টেকহোল্ডারের অংশগ্রহণে একটি নীতিমালা প্রণয়ন ও তা কার্যকর করা।

চবিসাস নেতৃবৃন্দ জানান, ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন বাধাগ্রস্ত হবে। একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধনে চবিসাসের অর্থ ও প্রকাশনা সম্পাদক মহসিন বলেন, “সারাদেশের বিভিন্ন ঘটনায় সাংবাদিকদের হেনস্তা ও হামলার ঘটনা ঘটছে। রাবির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়েও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রাবিতে সাংবাদিকদের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। রাজনৈতিক দলগুলোর সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন।”

চবিসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, “অতীতে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের কার্যক্রম পরিচালনায় নানা সীমাবদ্ধতা থাকলেও ক্যাম্পাস সাংবাদিকরা তাদের কার্যক্রম সংবাদ হিসেবে তুলে ধরেছেন। তবে সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করার প্রবণতা দেখা যাচ্ছে। আমরা কারও প্রতিপক্ষ নই, আমরা তাদের সহযোগী হিসেবে কাজ করতে চাই।”

মানববন্ধনে সমাপনী বক্তব্য রাখেন চবিসাসের সহ-সভাপতি আজিম সাগর। এসময় তিনি ক্যাম্পাস সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে তিন দফা দাবি জানিয়ে বলেন, “গণমাধ্যম বাংলাদেশের গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। সাংবাদিকদের ওপর হামলা ও তাদের পেশাগত কাজে বাধা দেওয়া গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা অব্যাহত রাখতে নিরাপদ ক্যাম্পাস ও ক্যাম্পাস সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, “শেখ হাসিনার আমলেও গণমাধ্যমের ওপর নানা ধরনের চাপ ও প্রতিবন্ধকতা ছিল। তবে সাংবাদিকরা ফ্যাসিবাদের কাছে হার মানে নি। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আমাদের দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও এগিয়ে গিয়েছিল। কিন্তু এই অগ্রযাত্রায় প্রধান বাধা হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা করছেন। এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। তাদের মুখ চেপে ধরছেন ছাত্রদলের নেতাকর্মীরা। একটি গণতান্ত্রিক দল হিসেবে আপনাদের জন্য এটি অত্যন্ত লজ্জার। ঘটনায় জড়িতদের বিচার বিভাগীয় তদন্ত নিশ্চিত করে সুষ্ঠু বিচার কার্যকর করতে হবে।”

সর্বশেষ সর্বাধিক পঠিত