একসঙ্গে তিন সেশনের প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ২০১৯, ২০২০ ও ২০২১ সালের দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। যা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। এ তালিকার বিষয়ে কোনো প্রার্থী বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষের কোনো মতামত, আপত্তি কিংবা বক্তব্য থাকলে তা প্রয়োজনীয় প্রমাণসহ আগামী ৩১ অক্টোবরের মধ্যে জানাতে হবে। গত সোমবার এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ইউজিসি কর্র্তৃপক্ষ।
এতে বলা হয়েছে, ইউজিসি প্রবর্তিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১ প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রাপ্ত মনোনীত প্রার্থীদের আবেদন যাচাই-বাছাইপূর্বক প্রাথমিকভাবে প্রস্তুতকৃত তালিকা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় দ্বারা পুনরায় যাচাইয়ের পর সর্বমোট ৪৬৯ জন শিক্ষার্থীর একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে, যা ইউজিসির অফিশিয়াল ওয়েবসাইটের সম্মাননা সেবাবক্সের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ লিঙ্কে পাওয়া যাবে।