মেসিকে কেন লাল ও হলুদ কার্ড দিলেন রেফারি?

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ পিএম

ফুটবল মাঠে রেফারির পকেট থেকে লাল কিংবা হলুদ কার্ড বের হওয়া মানেই কঠোর শাস্তি বা সতর্কবার্তার প্রতীক। কিন্তু লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ রাতে মনুমেন্তালে দেখা গেল সেই কার্ডগুলোর সম্পূর্ণ ব্যতিক্রমী প্রদর্শন। শেষ বাঁশি বাজার পর রেফারির পকেট থেকে বের হওয়া কার্ড দুটি কোনো অপরাধের শাস্তি ছিল না, বরং তা হয়ে উঠল বিশ্ব ফুটবলের জাদুকরে প্রতি এক অনন্য সম্মাননা।

বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে আকাশী-সাদা জার্সিকে চিরবিদায় জানান ৩৯ বছর বয়সী মহাতারকা মেসি। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচেও তিনি ছিলেন চিরচেনা জাদুকরী ছন্দে।

একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান আরও দুটি গোল। ২০৮ ম্যাচের বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে তার নামের পাশে যুক্ত হয় ১২৬টি গোল ও ৭০টি অ্যাসিস্টের অবিশ্বাস্য সব পরিসংখ্যান।

ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই যখন মাঠের সমস্ত ক্যামেরার ফোকাস কেবল মেসির আর্দ্র চোখের দিকে, ঠিক তখনই ম্যাচের রেফারি ফার্নান্দো ভেখার এগিয়ে যান আর্জেন্টাইন অধিনায়কের দিকে। সাধারণত যে লাল ও হলুদ কার্ড দিয়ে খেলোয়াড়দের মাঠ থেকে বহিষ্কার বা সতর্ক করা হয়, ঠিক সেই কার্ড দুটির একটি বিশেষ সেট তিনি তুলে দেন মেসির হাতে। 

ফুটবলের এই মহানায়ককে সম্মান জানানোর এক অনন্য স্মারক হিসেবেই এটি উপহার দেন রেফারি, যা হাসিমুখে লুফে নেন আর্জেন্টাইন দলপতি। শুধু কার্ডই নয়, সেই ঐতিহাসিক ম্যাচের অফিশিয়াল বলটিও উপহার হিসেবে তুলে দেওয়া হয় মেসির হাতে।

এছাড়া  ম্যাচ শুরুর আগে টসের সময় মেসির হাতে এক বিশেষ উপহার তুলে দেন প্রতিপক্ষ অধিনায়ক সেসি ডি'আলমিডাও। সেই উপহারের তালিকায় ছিল বিশেষ চিঠি, একটি গোলাপ এবং বেনিনের বিখ্যাত 'অ্যামাজন মনুমেন্ট'-এর একটি ক্ষুদ্র স্মারক অনুকৃৃতি (স্ট্যাচু)।

সর্বশেষ সর্বাধিক পঠিত