রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নতুন বেতন স্কেল বাস্তবায়নের উদ্যোগ

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকসহ দুটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬-এর আওতায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে নতুন বেতন স্কেলের গেজেট পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ১৭ সেপ্টেম্বর স্বশাসিত (পাবলিক বডিজ) ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য জাতীয় বেতন স্কেল-২০২৬-এর গেজেট জারি করেছে। গেজেটটির এসআরও নম্বর ৩৪৮-আইন/২০২৬। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গেজেটের কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো হয়েছে।

গেজেটটি সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এ ছাড়া দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির পরিচালকের কাছেও গেজেটের কপি পাঠানো হয়েছে। বিষয়টি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের একান্ত সচিবকেও অবগত করা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় বেতন স্কেল-২০২৬ সংক্রান্ত গেজেট গত ১৭ সেপ্টেম্বর জারি করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত