রামেবি ভিসিকে পদত্যাগে বাধ্য করার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৩ এএম

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) মব সৃষ্টি করে উপাচার্যকে হেনস্তা এবং জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় থানা বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। উপাচার্যকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার ঘটনার পর থেকেই রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কার্যত অচলাবস্থা চলছে। তালা ঝুলছে উপাচার্যের কক্ষে, কর্মকর্তা-কর্মচারীরা দপ্তরে এলেও স্বাভাবিক নেই দাপ্তরিক কার্যক্রম।

রামেবির উপ-রেজিস্ট্রার ডা. মোফাখখারুল ইসলাম জানান, গত মঙ্গলবারের ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। ওই ঘটনার পর এখনো বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক হয়নি।

ঘটনার পর রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজপাড়া থানায় মামলা করেছে। এ ঘটনায় রাজশাহী রাজপাড়া থানা পুলিশ মঙ্গলবার রাতে প্যারামেডিকেল এলাকার রাজপাড়া থানা বিএনপির নেতা আব্দুস সালামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি রাজপাড়া থানা বিএনপির সবশেষ স্থগিত হওয়া কমিটির সহসভাপতি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ঘটনাস্থলের ভিডিও ও ছবি বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সামনে কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেন। এ সময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

একই সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা মানববন্ধন করেছেন চিকিৎসক ও চিকিৎসা বিভাগের শিক্ষার্থীরা। জড়িতদের শাস্তির পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা।

এদিকে ওই ঘটনার সময়ের ভিডিও ও ছবিতে বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মীর ছবি দেখা গেছে। তবে দলীয় নেতাকর্মীদের নাম আসায় নিজেদের অবস্থান পরিষ্কার করেছে রাজশাহী মহানগর বিএনপি। দলের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ বলেন, এ ঘটনা আমরা সমর্থন করি না। এর সঙ্গে কারও সম্পৃক্ততা থাকলে সেটি তার ব্যক্তিগত বিষয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত