ডেঙ্গুতে ৮ ও হামে ৪ জনের মৃত্যু

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হাম উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ডেঙ্গুতে ৮ জন এবং দুজন হাম ও হামের উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও এক হাজার ৮৬০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ হাজার ২১৬ জনে। আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে পুরুষ এক হাজার ১৯১ জন এবং নারী ৬৬৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৮৫২ জন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে। বিভাগটিতে নতুন করে ৩৭৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর ঢাকা বিভাগে ৩৪৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১২ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭১ জন ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ২১৬ জন, বরিশাল বিভাগে ২০০, রাজশাহী বিভাগে ১৭৬, ময়মনসিংহ বিভাগে ১১০, রংপুর বিভাগে ৩৮ জন এবং সিলেট বিভাগে ১৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আগস্ট ও সেপ্টেম্বর মাসে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেপ্টেম্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৭৭৪ জন, যা চলতি বছরের অন্য মাসগুলোর তুলনায় সবচেয়ে বেশি। আগস্টে ভর্তি হয়েছেন ২২ হাজার ৫৩৬ জন। মৃত্যুর ক্ষেত্রেও সেপ্টেম্বর ছিল ভয়াবহ। স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক হিসাবে সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। আগস্টে মারা গেছেন ৪৪ জন এবং জুলাইয়ে ৪৩ জন। অর্থাৎ বর্ষার শেষ দিকে ডেঙ্গুর প্রকোপের সঙ্গে মৃত্যুও দ্রুত বেড়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত