রামেবির ভিসিকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার

ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাদের সম্পৃক্ততা পাওয়ার পর গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ এএম

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক ও তার সেকশন অফিসারকে 'মব' বা দলবদ্ধভাবে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে নগরীর বহরামপুর এলাকা থেকে নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন—বহরমপুর এলাকার আলী আকবর হোসাইন ও দেলোয়ার হোসেন ওরফে দুলাল। প্রাথমিকভাবে তারা কোনো রাজনৈতিক দলের সদস্য কিনা তা জানা যায়নি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাদের সম্পৃক্ততা পাওয়ার পর গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে 'রাজশাহীর আপামর ছাত্র-জনতা' নামের একটি দল মিছিল নিয়ে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যায়। তারা জোর করে উপাচার্যের কক্ষে ঢুকে তাকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে রাজপাড়া থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার ও উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) নাজমুল হোসাইন। মামলায় অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত