'বিহারি বগা' বিতর্ক: মেয়রের ক্ষোভের পরই খুলশী থানার ওসি বদলি

পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগা অবস্থান করছেন—এমন খবরে মঙ্গলবার রাতে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয় ঘেরাও করে পুলিশ।

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনের ক্ষোভ ও অভিযোগ প্রকাশের কয়েক ঘণ্টার মাথায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিমকে বিশেষ শাখায় (সিটিএসবি) বদলি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বুধবার (৭ অক্টোবর) সিএমপি কমিশনার হাসিব শওকত আলীর স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয় বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী। 

আদেশে বলা হয়, 'জনস্বার্থে' এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে আদেশে অন্য কোনো কারণ উল্লেখ করা হয়নি।

একই আদেশে নগরীর আকবরশাহ ও চকবাজার থানার ওসি পদেও রদবদল আনা হয়েছে। চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) নাজের হোসেনকে আকবরশাহ থানার ওসি এবং আকবরশাহ থানার ওসি কামরুজ্জামানকে খুলশী থানায় বদলি করা হয়েছে।

এর আগে রবিবার দুপুরে তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে 'বিহারি বগা'কে পুলিশের গ্রেপ্তারের চেষ্টা নিয়ে ওসি আবদুর রহিমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মেয়র শাহাদাত হোসেন। 

পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগা অবস্থান করছেন—এমন খবরে মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয় ঘেরাও করে পুলিশ।

ওই অভিযানে বগাকে গ্রেপ্তারের চেষ্টায় পুলিশকে বাধা দেওয়া এবং নিজের গাড়িতে করে তাকে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগ অস্বীকার করেন মেয়র। 

সাংবাদিকদের তিনি বলেন, 'যদি কেউ প্রমাণ করতে পারেন যে বগা আমার গাড়িতে উঠে সিটি করপোরেশন ত্যাগ করেছে, তবে আমি রাজনীতি ছেড়ে দেব।'

মেয়র আরও যোগ করেন, 'সিটি করপোরেশন সবার জন্য উন্মুক্ত। এখানে বিভিন্ন দলের, বিভিন্ন মতের মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসেন।'

 

সর্বশেষ সর্বাধিক পঠিত