বাংলাদেশিদের বৈধভাবে ফিজিতে কর্মসংস্থানের সুযোগ

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পিএম

বাংলাদেশ থেকে ফিজিতে কাজের সুযোগের কথা বলে প্রতারণা, মিথ্যা আশ্বাস ও অবৈধ এজেন্টের দৌরাত্ম্য কমিয়ে সম্পূর্ণ বৈধ ও স্বচ্ছ প্রক্রিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে বাংলাদেশসহ বিভিন্ন দেশের দক্ষ কর্মীদের জন্য ফিজিতে নিরাপদ কাজের সুযোগ তৈরিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে তিনটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।

ফিজির নাদি শহরের মার্টিনটার এলাকায় গত বুধবার (৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ‘শাহীনস্ ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড’, ‘শাহীনস্ গ্লোবাল প্লেসমেন্ট প্রাইভেট লিমিটেড’ এবং ‘এসবি লইয়ার্স’-এর যৌথ গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটির পশ্চিমাঞ্চলের সাবেক বিভাগীয় কমিশনার মেসাকে লেদুয়া। এ সময় স্থানীয় শীর্ষস্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহীন সিং বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে ফিজিতে কাজের প্রলোভন দেখিয়ে প্রায়ই অবৈধভাবে অর্থ আদায়, মিথ্যা প্রতিশ্রুতি ও প্রতারণার মতো ঘটনা ঘটে। এসব অনিয়ম ও প্রতারণা বন্ধ করে নিয়োগদাতা ও কর্মী—উভয় পক্ষের স্বার্থ রক্ষাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, ‘আমাদের উদ্দেশ্য হল সঠিক ও দক্ষ কর্মীকে সঠিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পূর্ণ বৈধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায় যুক্ত করা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘শাহীনস্ গ্লোবাল প্লেসমেন্ট প্রাইভেট লিমিটেড’ ফিজির বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভিয়েতনাম, চীন ও ফিলিপাইন থেকে দক্ষ কর্মী নিয়োগে কাজ করবে। তবে সম্পূর্ণ প্রক্রিয়াটি ফিজির অভিবাসন, কর্মসংস্থান ও সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন মেনেই পরিচালনা করা হবে।

অন্যদিকে, ‘শাহীনস্ ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড’ ফিজির নির্মাণ খাতে রাজমিস্ত্রি (মেসনরি), কার্পেন্ট্রি, টাইলিং, প্লাস্টারিং, ওয়েল্ডিং, অ্যালুমিনিয়াম ওয়ার্কস, স্টিল ফিক্সিং, প্লাম্বিং ও পেইন্টিং সহ বিভিন্ন অবকাঠামোগত কাজ পরিচালনা করবে। আর আইনগত নিরাপত্তা ও পেশাদার সহায়তার বিষয়গুলো নিশ্চিত করবে ‘এসবি লইয়ার্স’। ফলে নির্মাণ, জনবল রফতানি ও আইনি সেবা—এই তিনটি খাতকে একই ছাতার নিচে নিয়ে সমন্বিতভাবে কাজ করবে প্রতিষ্ঠানগুলো।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই সমন্বিত সেবার মাধ্যমে বাংলাদেশ থেকে ফিজিতে যেতে ইচ্ছুকদের সরাসরি ও বৈধ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত হবে। এর ফলে মধ্যস্বত্বভোগী বা অবৈধ দালালদের হাত থেকে কর্মীরা সুরক্ষা পাবেন এবং নিরাপদে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একইসঙ্গে স্থানীয় ব্যবসা, কর্মসংস্থান ও আন্তর্জাতিক শ্রমবাজারের সঙ্গে ফিজির যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে মনে করছে প্রতিষ্ঠানগুলো।

সর্বশেষ সর্বাধিক পঠিত