বান্ধবীর সঙ্গে কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী, তারপর যা হলো

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পিএম

কুমিল্লার লালমাইয়ে ধানখেত থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকার একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলের পাশ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করেছে পুলিশ।

জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের আবদুল আলীমের মেয়ে। সে কুমিল্লা ফরিদা বিদ্যায়াতনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা রেনেটা ফার্মাসিউটিক্যালসের আরএসএম পদে চাকরি করেন। চাকরির সুবাদে তারা কুমিল্লা নগরের রেসকোর্স এলাকায় ভাড়া বাসায় থাকেন।

পরিবারের সদস্যরা জানান, চার দিন আগে তাজমিন বাসা থেকে বের হওয়ার সময় এক বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে। পরে ওই বান্ধবীর সঙ্গে সে কক্সবাজারে বেড়াতে যায়। সেখান থেকে গত রাতে কুমিল্লার উদ্দেশে রওনা হয় বলে পরিবার জানতে পারে।

পরিবার সূত্রে আরও জানা যায়, রাতে তাজমিনের বাবা আবদুল আলীম তার মেয়ের মুঠোফোনে একাধিকবার কল করেন। তবে তাজমিন কোনো কল ধরেনি। মেয়ের খোঁজে কুমিল্লার বাসা থেকে বের হয়ে ভোরে লালমাই থানায় যান আবদুল আলীম। সেখানে গিয়ে তিনি মেয়ের মরদেহ শনাক্ত করেন।

স্থানীয় লোকজন জানান, সকালে ধানখেতের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলের কাছেই একটি সিএনজিচালিত অটোরিকশা পড়ে ছিল। পরে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে লালমাই থানার পুলিশ বলছে, তাজমিনের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা জানতে পুলিশের একাধিক সংস্থা তদন্ত শুরু করেছে।

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত