কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫২

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত এ অভিযান চলে। কিশোর গ্যাংয়ের আনাগোনা বেশি—এমন স্থান, উঠতি বয়সীদের আড্ডাস্থল এবং বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় একযোগে এ তল্লাশি চালানো হয়।

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ এএম

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে চলা ধারাবাহিক সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে এক রাতেই ২৫২ জনকে আটক করেছে পুলিশ। জেলার ১৮টি থানা এলাকায় জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

শনিবার (৯ অক্টোবর) সকালে কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত এ অভিযান চলে। কিশোর গ্যাংয়ের আনাগোনা বেশি—এমন স্থান, উঠতি বয়সীদের আড্ডাস্থল এবং বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় একযোগে এ তল্লাশি চালানো হয়। আটক ব্যক্তিরা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, কুমিল্লাকে কিশোর গ্যাং ও অপরাধমুক্ত করতে বেশ কিছুদিন ধরেই মাঠে রয়েছে পুলিশ। এর আগে গত বুধবার, শনিবার, রোববার, মঙ্গলবার, শুক্রবার ও সোমবার (৫ অক্টোবর) রাতেও জেলার ১৮টি থানায় পৃথক অভিযান চালানো হয়। ওই অভিযানগুলোতে মোট ২ হাজার ৪৭ জনকে আটক করা হয়েছিল।

পরে প্রাথমিক যাচাই-বাছাই শেষে অপরাধে জড়িত না থাকায় ১ হাজার ৪০৯ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে মাদক ব্যবসা, বিভিন্ন নিয়মিত মামলা, ভ্রাম্যমাণ আদালতের সজা, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও পরোয়ানাভুক্ত থাকা সহ নানা অভিযোগে ৬৩৩ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ ২৫২ জনসহ গত নয় দিনে কুমিল্লা জুড়ে চলা ৭ দফার বিশেষ অভিযানে মোট ২ হাজার ২৯৯ জনকে আটক করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, ধারাবাহিক ও কঠোর অভিযানের কারণে জেলায় কিশোর গ্যাংয়ের উৎপাত ও অপতৎপরতা অনেকটাই কমে এসেছে। এতে সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরেছে। উঠতি বয়সী তরুণেরা যাতে কোনোভাবেই অপরাধের পথ না বেছে নেয়, সে লক্ষ্যে সচেতনতার পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত