চমেকে শিশু কিডনি রোগবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০২:১১ পিএম

চট্টগ্রাম মেডিকেল কলেজের পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগ ও পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি বাংলাদেশ (পিএনএসবি)-এর যৌথ উদ্যোগে শিশুদের কিডনি রোগের আধুনিক রোগনির্ণয় ও চিকিৎসাব্যবস্থা নিয়ে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের কনফারেন্স হলে এই সেমিনারে শিশুদের হাইড্রোনেফ্রোসিস ও লুপাস নেফ্রাইটিসের মতো গুরুত্বপূর্ণ কিডনি রোগের প্রাথমিক শনাক্তকরণ, আধুনিক চিকিৎসাপদ্ধতি ও চিকিৎসকদের করণীয় বিষয়ে বিশেষজ্ঞরা আলোচনা করেন।

সেমিনারে বক্তারা শিশুদের হাইড্রোনেফ্রোসিস রোগের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে মাতৃগর্ভে থাকাকালীন আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে এ রোগ শনাক্তকরণের গুরুত্ব এবং জন্মের পর নবজাতকের যথাযথ মূল্যায়ন, পর্যবেক্ষণ ও চিকিৎসাব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফরোজা বেগম। তিনি শিশুদের লুপাস নেফ্রাইটিস রোগের আধুনিক চিকিৎসাব্যবস্থা এবং এ রোগের সঠিক ব্যবস্থাপনায় একজন চিকিৎসকের আবশ্যিক জ্ঞান ও করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন ।

বিভাগের সভাপতি অধ্যাপক ডা. সনৎ কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক ডা. সুষ্মিতা বিশ্বাসের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন দেশের প্রথিতযশা শিশুরোগ বিশেষজ্ঞ ও পিএনএসবির উপদেষ্টা অধ্যাপক ডা. মোহাম্মদ হানিফ, বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মারুফ উল কাদের, প্রথম বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইমুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ জসিম উদ্দীন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দীন, পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. শিরিন আফরোজ, চট্টগ্রাম

মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনিসুল হোসেন, বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম শাখার মহাসচিব অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী ও চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুসা মিয়া।

সর্বশেষ সর্বাধিক পঠিত