রবীন্দ্রনাথের প্রতিকৃতি মুছতে গিয়ে আটক ৪

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০২:১৯ এএম

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি দেওয়ার ঘটনায় আয়াসসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার শাহবাগ থানার এসআই আবদুল খালেক বলেন, শনিবার দুপুরে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দিতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য সচিব এ এন এম আয়াসসহ চারজন আটক হয়েছেন। তাদের মধ্যে একজন নারীও আছেন। পরে শাহবাগ থানা থেকে তাদের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, শিল্পকলার সামনে থেকে আটক চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে নেওয়া হয়েছে। শিল্পকলার সামনে থেকে আয়াস নামে একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন। গত ৫ অক্টোবর এই গুণী ব্যক্তিদের গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করেন। এরপর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়। পরে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ফুটপাতে নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানাপ্রাচীর সংস্কার করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত