গাইবান্ধায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পিএম

গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তার যুবকরা হলেন— সাঘাটা উপজেলার হেলেঞ্চা গ্রামের মো. আলম মিয়ার ছেলে সৈকত মিয়া (২৬) ও একই উপজেলার উল্লাসোনাতলা (হাজীপাড়া) গ্রামের বাদল মিয়ার ছেলে মোহাম্মদ মুস্তাকিম মিয়া (২০)।  

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর আপন বোনের বাড়ি পার্শ্ববর্তী উপজেলা গোবিন্দগঞ্জে। গত কয়েকদিন আগে ভুক্তভোগী নারী তার বোনের বাড়িতে বেড়াতে যায়। গতকাল শনিবার রাতে বোনের বাড়ি থেকে নিজ বাড়ি সাঘাটায় ফিরছিলেন। পথে বোনারপাড়া এলাকায় রাত ৯টার দিকে ওই দুই যুবকের সাথে দেখা হয় তার। পরে তারা ভ্যানে করে ওই নারীকে তার বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে হেলেঞ্চা এলাকায় নিয়ে যায়। সেখানে একটি পরিত্যক্ত ইটভাটায় দুই যুবক জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারী চিৎকার করতে থাকে। পরে তার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা জড়ো হয়ে ওই দুই যুবককে আটক করে পুলিশকে খবর দেয়। অসুস্থ অবস্থায় ওই নারীকে হাসপাতালে নেওয়া হয়।

 ঘটনার পর ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে আজ রবিবার সাঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় দুইজনকে আসামি করা হয়েছে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুরুল হুদা। তিনি জানান, ওই দুই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত