জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের গ্রেপ্তার দাবিতে তার বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছেন ‘স্বৈরাচার বিরোধী সাধারণ জনগণ’। সোমবার (১২ অক্টোবর) জাপা চেয়ারম্যানের উত্তরার বাসভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়।
‘স্বৈরাচার বিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা জিএম কাদেরের বাসার সামনের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তার দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
বিক্ষোভ মিছিলে ব্যবহৃত ব্যানারে কারাগারে বন্দি জিএম কাদেরের প্রতিকৃতি তুলে ধরা হয়। ব্যানারে লেখা ছিল—‘জুলাইয়ের শহিদদের রক্তের সাথে বেইমানি করে ফ্যাসিস্ট খুনি হাসিনার সাথে যোগাযোগ; জিএম কাদেরের গ্রেপ্তার চাই’ এবং ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’।
বিক্ষোভকারীদের অভিযোগ, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শত শত মানুষের প্রাণহানির বিনিময়ে অর্জিত পরিবর্তনের পরও জাপার শীর্ষ নেতৃত্ব ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা করে চলছেন। বক্তারা বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি বিগত সরকারকে রাজনৈতিক বৈধতা দিয়েছে।
নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো দোসরকে রাজনৈতিক পুনর্বাসন পেতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। অবিলম্বে জিএম কাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা।