বিদ্যুতের খুঁটিতে ঝুলে থাকা শালিক উদ্ধার

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম

বিদ্যুতের তারে দীর্ঘ সময় ঝুলে থেকে বেঁচে থাকার লড়াই করছিল একটি শালিক পাখি। অবশেষে পল্লী বিদ্যুতের কর্মীদের সহায়তায় জীবিত অবস্থায় পাখিটিকে উদ্ধার করা হয়েছে। তবে দীর্ঘ সময় ঝুলে থাকার কারণে পাখিটির একটি পা ভেঙে গেছে। উদ্ধারের পর আহত পাখিটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

সোমবার ১২ (অক্টোবর) সকালে পর্যটনকেন্দ্র কুয়াকাটার ফিশ ফ্রাই মার্কেটসংলগ্ন একটি মসজিদের পাশের বিদ্যুতের খুঁটিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের খুঁটিতে পাখিটির পা আটকে যায়। ছুটে আসার জন্য প্রাণপণ চেষ্টা করেও মুক্ত হতে পারছিল না পাখিটি। বিষয়টি দেখতে পেয়ে মসজিদের ইমাম পাখিটির দুরবস্থার একটি ভিডিও ধারণ করে স্থানীয় পরিবেশকর্মী কে এম বাচ্চুর কাছে পাঠান। পরে পাখিটির অবস্থান নিশ্চিত হয়ে তিনি দ্রুত কুয়াকাটা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে পল্লী বিদ্যুতের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জীবিত অবস্থায় পাখিটিকে উদ্ধার করেন। 

স্থানীয় পরিবেশকর্মী আসাদুজ্জামান মিরাজ জানান, দীর্ঘ সময় বিদ্যুতের তারে ঝুলে থাকার যন্ত্রণা থেকে মুক্তি মিললেও শালিকটির পুরোপুরি সুস্থ হয়ে ওঠা নিয়ে উদ্বেগ রয়েছে। পাখিটির একটি পা ভেঙে গেছে। তার ধারণা, সৈকতে খাবার খেতে গিয়ে পাখিটির পা ছেঁড়া জালে পেঁচিয়ে যায়। পরে উড়ে গিয়ে বিদ্যুতের খুঁটিতে বসার সময় সেটি আটকে থাকতে পারে।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটার (উপরা) আহ্বায়ক কে এম বাচ্চু জানান, পাখিটিকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) পক্ষ থেকে আসাদুজ্জামান মিরাজের নেতৃত্বে পাখিটির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাখিটি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তাকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত