মহাসড়কে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ফজরের নামাজ শেষে প্লাস্টিকের বোতল কুড়াতে বেরিয়ে প্রাণ গেল দম্পতির, ঘাতক যানবাহন শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪০ এএম

কুমিল্লা জেলার দাউদকান্দিতে অজ্ঞাত যানবাহনের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার জিংলাতলী গ্রামের পূর্বপাড়ার মৃত খলিল মিয়ার ছেলে নজির মিয়া (৬০) ও তার স্ত্রী ঝরনা বেগম (৫২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দরিদ্র এই দম্পতি গ্রামবাসীর সাহায্য-সহযোগিতায় জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার ফজরের নামাজ শেষে তারা প্লাস্টিকের বোতল কুড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। হাঁটতে হাঁটতে মহাসড়কের হরিপুর মসজিদের কাছে পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তারা দুজনই ছিটকে সড়কের পাশে পড়ে যান।

স্থানীয় ইউপি সদস্য সোহরাব মেম্বার জানান, দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর অন্য পথচারীরা তাদের সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তারা তাদের শনাক্ত করে এলাকায় খবর দেয়। এরপর গ্রামবাসী মরদেহ দুটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে খবর পাঠানো হয়েছে। তাই বেলা ১১টার দিকে মরদেহ দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, অজ্ঞাত যানবাহনের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর তারা পেয়েছেন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা মরদেহ বাড়িতে নিয়ে যায়। ঘাতক যানবাহনটি শনাক্ত করতে মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত