হাতীবান্ধা সীমান্তে ৫০ বোতল এস্কাপ সিরাপসহ আটক ১

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪২ এএম

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ, একটি মোটরসাইকেল ও এক আসামিকে আটক করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। আটক করা মালামালের মোট সিজার মূল্য ২ লাখ ৬ হাজার ৯১২ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধ, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ কর্মকাণ্ড দমনে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। এরই ধারাবাহিকতায় বুধবার (১৪ অক্টোবর) সকাল ৬টা ৩০ মিনিটে ব্যাটালিয়নের অধীন বড়খাতা বিওপির টহলদল অভিযান চালায়।

এ সময় সীমান্ত থেকে আনুমানিক ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে দোলাপাড়া এলাকা থেকে এক আসামিসহ ৫০ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ ও একটি মোটরসাইকেল আটক করা হয়।

আটক আসামি ও জব্দ করা মালামাল পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ৬১ বিজিবির অধিনায়ক।

তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)।

সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত