৪৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০১:৩২ পিএম

ময়মনসিংহের গৌরীপুরে মাদকবিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ মো. আব্দুস সালাম (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ভাংনামারী ইউনিয়নের উজান কাশিয়ারচর গ্রামে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আরেক সহযোগী আল আমিন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আব্দুস সালাম উজান কাশিয়ারচর গ্রামের মৃত সামির উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আব্দুস সালাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় গৌরীপুর থানার এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বসতঘরের এক কোণে প্লাস্টিকের বস্তা দিয়ে ঢেকে রাখা অবস্থায় ৪৮ কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সালামের সহযোগী আল আমিন পালিয়ে গেলেও আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আল আমিনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত