বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আনন্দ মণ্ডল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর-ই-মোর্শেদ তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আনন্দ মণ্ডল (৩৮) সিরাজগঞ্জের কাজীপুরের বাসিন্দা।
ডা. মঞ্জুর-ই-মোর্শেদ জানান, ডেঙ্গু উপসর্গ নিয়ে তিনদিন আগে আনন্দ মণ্ডল শজিমেক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি মারা যান। পরে স্বজনেরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।
জেলা স্বাস্থ্য বিভাগ তথ্যানুযায়ী, বগুড়ায় ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক হাজার ৩০৫ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ২১২ জন। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৩ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে যুবকের মৃত্যু